মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুর সদর উপজেলার ১ নম্বর শকুনী এলাকার পান্নু মুন্সির ছেলে রিমন মুন্সি (২৯) ও আকাশ মুন্সি (৩০) এবং মাদারীপুর পৌরসভার ১ নম্বর শকুনী কলেজ রোড এলাকার মৃত রাকিব আলী মৃধার মেয়ে সামিয়া আক্তার ঊষা ওরফে ভুবন মোহনী (২৭)।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, কলেজ রোড এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে আটক করার পর তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।