রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ঘটনাকে চাঁদাবাজির তাণ্ডব উল্লেখ করে জড়িতদের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান মুক্তাদিরের স্টুডিও পরিদর্শনের একটি ভিডিও প্রকাশ করেন জামায়াত আমির। ভিডিওতে সালমানকে তাঁর স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা বর্ণনা করতে দেখা যায়।
ভিডিওর ক্যাপশনে শফিকুর রহমান অভিযোগ করেন, গভীর রাতে ‘জুলাইযোদ্ধা’ সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদাবাজরা হামলা চালিয়ে তাণ্ডব চালিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি চাঁদাবাজদের সতর্ক করেন।
চাঁদাবাজদের উদ্দেশে দেওয়া বার্তায় জামায়াত আমির লেখেন, মাঝেমধ্যে মধু আহরণকারীরা মৌচাক মনে করে ভিমরুলের চাকে ঢিল ছুড়ে দেয়, যা পরবর্তীতে তাদের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসে।
এ ছাড়া দেশে একের পর এক চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। কর্তৃপক্ষ নিজেদের চাঁদাবাজদের সামলাতে পারছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তবে তাঁর ভাষ্য, এই অরাজকতারও একদিন অবসান ঘটবে।