মরুভূমির তপ্ত বুকে সুমধুর সুরে ছড়িয়ে পড়লো নাতে রাসুলের অনন্য এক প্রশান্তি। বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য
আল ইসলাহ সোসাইটিতে অনুষ্ঠিত হয়ে গেল এক জমকালো ও নান্দনিক 'নাতে রাসুল (সা:) সাংস্কৃতিক সন্ধ্যা'। সুস্থ সংস্কৃতির বিকাশ ও প্রবাসীদের মাঝে খাঁটি ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে এই নান্দনিক আয়োজন করে বাহরাইনে প্রবাসীদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন 'আল হেরা শিল্পী গোষ্ঠী'।
অনুষ্ঠানে কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী নেতা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
দীর্ঘ দুই যুগ ধরে প্রবাসের মাটিতে সুস্থ সংস্কৃতির এক অনন্য বাতিঘর হিসেবে পথ চলছে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন আল হেরা শিল্পী গোষ্ঠী। প্রবাসের যান্ত্রিক জীবনে অপসংস্কৃতির ভিড়ে প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের মাঝে মার্জিত ও পরিচ্ছন্ন বিনোদন পৌঁছে দেওয়াই তাদের একমাত্র মূল লক্ষ্য। আর সেই গৌরবময় পথচলার ধারাবাহিকতায়, কর্মব্যস্ত প্রবাসীদের ক্লান্তি দূর করতে মরুভূমির বুকে তারা আয়োজন করে এক পশলা আত্মিক শান্তির পরশ। আল হেরা শিল্পী গোষ্ঠীর তরুণ ও প্রতিভাবান শিল্পীদের একেকটি হৃদয়স্পর্শী নাতে রাসুল এবং সুমধুর কাওয়ালীর সুরলহরী মুহূর্তেই বিমোহিত করে তোলে পুরো হলরুমকে। শিল্পীদের দরাজ কণ্ঠের এই পরিবেশনা উপস্থিত প্রবাসীদের অন্তরে এক গভীর আবেদন সৃষ্টি করে, যা অনেককেই এক অপার্থিব আবেগে অশ্রুসিক্ত করে তোলে।
আয়োজকরা জানান, প্রবাসের মাটিতে সুস্থ ও পজিটিভ সাংস্কৃতিক ধারার অভাবে অনেক সময় প্রবাসীরা নানাবিধ অনৈসলামিক স্রোতে গা ভাসাচ্ছেন। তাদেরকে সেই অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনা এবং রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি নিখাদ ভালোবাসা বৃদ্ধি করাই ছিল এই বর্ণাঢ্য আয়োজনের প্রধান উদ্দেশ্য। কেবল চিত্তবিনোদন নয়, বরং বিশ্বনবীর কালজয়ী জীবনদর্শন ও আদর্শকে প্রত্যেকে যেন নিজ নিজ প্রাত্যহিক জীবনে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন, সেই মনস্তাত্ত্বিক আহ্বানই জানানো হয় এই নান্দনিক মঞ্চ থেকে।
ব্যস্ততম প্রবাস জীবনে এমন অর্থবহ আয়োজন মানুষের মনের ক্লান্তি দূর করে এক পজিটিভ রিফ্রেশমেন্ট নিয়ে আসে। উপস্থিত সুধীজনদের মতে, সমগ্র মানবজাতির জন্য হেদায়েতের মশাল ও একমাত্র অনুকরণীয় আদর্শ হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। তাঁর সেই শাশ্বত আদর্শ প্রবাসীদের জীবনে এক ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন। জমকালো এই আয়োজনে শামিল হওয়া বাহরাইনের সকল প্রবাসী বাংলাদেশি, ব্যবসায়ী ও ছাত্র সমাজকে আল হেরা শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে হৃদয় নিংড়ানো শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ।"