ভারতের দিল্লিতে প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলটির দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তাঁদের মুক্তির খবর জানায় সিজেপি। পোস্টে দলটি লিখেছে, ‘অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। তেলাপোকা কখনো মরে না।’
এর আগে রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে প্রকাশিত এক খবরে বলা হয়েছিল, সিজেপির এই তিন নেতাকে দিল্লি ক্যান্টনমেন্ট থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছে।
দিল্লিতে একটি বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে শনিবার সকালে বিমানবন্দরে পৌঁছানোর পর বিমানের ভেতর থেকেই তাঁদের আটক করে পুলিশ। পুলিশের একটি দল বিমানে উঠে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং তাঁর সঙ্গে থাকা দুই নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে আটক করে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পুলিশ সদস্যরা বিমানে প্রবেশ করলে অভিজিৎ দীপকে ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার শুরু করেন। এ সময় পুলিশ সদস্যদের সঙ্গে সিজেপির নেতাদের কথা-কাটাকাটি হয়। বিমান থেকে তাঁদের নেমে আসা পর্যন্ত অপেক্ষা না করে কেন পুলিশ ভেতরে প্রবেশ করেছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
সরাসরি সম্প্রচার করা ভিডিওতে অভিজিৎ দীপকে নারী পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা আমাদের বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। গ্রেপ্তার করুন, আমরা ভয় পাই না।’
প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর রোববার তাঁদের মুক্তির কথা জানাল দলটি।